ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদর সহ বিভিন্ন এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এবছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ শুক্রবার জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ প্রদান করেন।
শুক্রবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপজেলা সদরের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ, আশা এনজিও, বেসরকারি ভাঙ্গুড়া অভিজাত স্কুল সহ কোনো ক্লিনিক এবং অধিকাংশ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়া খানমরিচ ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন করা হয়নি। এমনকি ইউনিয়নের পরমানন্দপুর ও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন করেনি প্রতিষ্ঠানের প্রধানরা। এ সময় এসব প্রতিষ্ঠানে গিয়ে কাউকে উপস্থিতও পাওয়া যায়নি। স্থানীয় উপজেলা প্রশাসনের গাফিলতির কারণেই এমনটি হয়েছে বলে অভিযোগ সচেতন মহলের।
একই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম বলেন, সিভিল সার্জনের অফিস থেকে পতাকা উত্তোলন করার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। তবে সিভিল সার্জনের নির্দেশক্রমে রোগীদেরকে ভালো মানের খাবার পরিবেশন করা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।







