ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুধ-বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন স্কুলে না গিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করায় সমালোচনার ঝড় উঠেছে। স্কুলে না গিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক অনুষ্ঠানে যোগদান করায় এর আগে বহুবার সমালোচিত হয়েছেন তিনি। বর্তমানে নাসির উদ্দিন উপজোলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার উপজেলার ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয় উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উপজেলা আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ন্যায় নাসির উদ্দিন ও সম্মেলনে অংশগ্রহন করেন। তার সম্মলনে উপস্থিতির বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হলে সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়। দুধবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার প্রত্যান্ত অঞ্চলে হওয়ায় শিক্ষা অফিসও নিয়মিত নজরদারী করতে না পারা ও নাসির উদ্দীন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইচ্ছেমত স্কুলে যাতায়াত করেন করেন নাসির উদ্দীন।
নাসির উদ্দীনের মুঠোফোনে এ বিষয়ে জানতে কল করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর পরে আর তিনি ফোনকল রিসিভ করেন নাই।
স্কুলে না গিয়ে রাজনৈতিক অনুষ্ঠানে প্রধান শিক্ষকের যাওয়া বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, কোন প্রধান শিক্ষক স্কুলে না গেলে বা ছুটি নিলে তার ক্লাস্টারের সহকারি শিক্ষা কর্মকর্তার নিকট জানাবেন।
সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা বলেন, নাসির উদ্দিন স্কুলে অনুপস্থিতির বিষয়ে আমাকে কিছু জানান নাই এমনকি তিনি ছুটিও নেন নাই। অফিসকে না জানিয়ে তিনি কেনো স্কুলে অনুপস্থিত হয়েছেন সেই বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




