ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবা বড়ি বিক্রির সময় হেলাল উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত নয়টার দিকে ভাঙ্গুড়া পৌরশহরের রেল চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হেলাল উপজেলার সদর ইউনিয়নের উত্তর কলকতি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল দীর্ঘদিন ধরে এলাকায় কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত। সে বিভিন্ন এলাকায় ঘুরে মাদক বিক্রি করে এবং মাদক চোরাচালানে বড় ধরনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এর আগে সে মাদক মামলায় জেলও খেটেছে। এ অবস্থায় শনিবার রাতে ভাঙ্গুড়া পৌরশহরের রেল চত্বর এলাকায় রুমি ড্রাগ হাউসের সামনে ইয়াবা বিক্রি করছিল হেলাল। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ভাঙ্গুড়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হেলালকে আটক করে। এসময় হেলালের শরীর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর রবিবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলাতে পাঠানো হবে।





