ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় অসহায় এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা। রবিবার পৌর শহরের উত্তর মেন্দা মহল্লার কৃষক ওসমান গনির ধান কেটে দেন ১০/১২ জন আনসার সদস্য। ধান কাটা শেষে বাড়িতে নিয়ে তারা মাড়াই করে দেন। ধান কাটার নেতৃত্ব দেন উপজেলা আনসার ও ভিডিপির কোম্পানি কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন।
জানা যায়, কৃষক ওসমান গনি স্থানীয় একটি ব্যাংকে (অস্থায়ী ভিত্তিতে) ৫ হাজার ৪০০ টাকা বেতনে নাইটগার্ডের চাকরি করেন। এই সামান্য আয়ে সংসার না চলায় তিনি প্রতিবছর দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। চাষ করা এ জমির ধান কয়েকদিন আগে পেকে যায়। কিন্তু এবছর শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় ধান কাটার খরচ জোগান দেওয়া নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। এতে স্থানীয় যুবকদের কাছ থেকে সহযোগিতা যাচ্ছিলেন ওসমান গনি। বিষয়টি জানতে পেরে উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডার সাখাওয়াত হোসেন অন্যান্য ইউনিয়নের কমান্ডার ও সদস্যদের নিয়ে ওই কৃষকের ধান কেটে দেন। পরে তারা ওই ধান মাথায় করে কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করে দেন।
কৃষক ওসমান গনি বলেন, ধান কাটার মৌসুম শ্রমিকের দাম বেড়ে যায়। এছাড়া শ্রমিকের সংকট তো রয়েছেই। তাই বিপদে পড়ে এলাকার মানুষের কাছে সাহায্য চাই। এতে সাড়া দিয়ে শেখ সাখাওয়াত হোসেন আনসার সদস্যদের দিয়ে ধান কেটে দিয়ে বড় উপকার করেছে।
উপজেলা আনসার ও ভিডিপির কোম্পানি কমান্ডার সাখাওয়াত হোসেন বলেন, আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন দপ্তর থেকে গরীব কৃষকদের ধান কেটে দেওয়ার নির্দেশনা আছে। তাই আমরা এলাকার অসহায় কৃষকদের খুঁজে ধান কেটে ও মাড়াই করে দিচ্ছি। বোরো মৌসুম চলা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।






