Friday, 3 September 2021

সংসদে কালের কণ্ঠের রিপোর্ট তুলে ধরে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

 

দৈনিক কালের কণ্ঠে গত ১৩ আগষ্ট প্রকাশিত ‘হাউস পার্টি থেকেই ছড়াচ্ছে ভয়ংকর নতুন মাদক’ শিরোনামে সংবাদের কপি জাতীয় সংসদে তুলে ধরে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তিনি সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিত্রনায়িকা পরীমনি গ্রেফতারসহ নানা ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

শুক্রবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চাপাইনবাবগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। ঢাকাসহ বিভিন্ন অভিজাত এলাকায় হাউস পার্টি, ডিজে পার্টিসহ বিভিন্ন নামে মদ্যপান ও জুয়ার আসর বসছে। কালের কণ্ঠসহ অন্যান্য পত্র-পত্রিকায় এসেছে হাউজ পার্টি, ডিজে পার্টির নামে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের সঠিক বিচার করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি’র সংসদীয় দলের নেতা হারুন বলেন, জামিনে মুক্তি পাওয়ার পরে নায়িকা পরীমনি গণমাধ্যমে বলেছেন, কত নাটক করে তাকে ধরে নেওয়া হয়েছে। তাকে বলা হয়েছিল, শুধু অফিসে নেওয়া হবে আর কিছু জিজ্ঞাসা করা হবে। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, পরীমনির ঘটনা তদন্তের তদারক কর্মকর্তাকে ইতোমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পরীমনির বাসায় অভিযান চালিয়েছিল র‌্যাব। র‌্যাব নিজেরা এই ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছিল। কারণ এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এদের যারা ব্যবহার করছে, তাদের চিহ্নিত করা দরকার।

সংসদ সদস্য হারুন বলেন, পরীমনির ঘটনায় হাইকোর্ট পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। আদালত বলেছে, পরীমনি একজন নারী, অসুস্থ, চিত্রজগতের কর্মী এ জন্য জামিন দেওয়া হয়েছে। এটা কোনো কথা হতে পারে? তাকে পরপর তিন দফায় কেন রিমান্ডে নেওয়া হলো, তা নিয়ে হাইকোর্ট নথি তলব করেছে। এটা নিয়ে জনগণের মধ্যে ‘পারসেপশনটা’ ভিন্ন হচ্ছে। পরীমনির ঘটনায় জড়িত অপরাধীদের সরকার আড়াল করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

বিমানবন্দরে পিসিআর ল্যাব

সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন বলেছেন, বিদেশ যেতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ থাকতে হয়। অনেক সময় করোনা পরীক্ষায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি বিবেচনা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরী।

এমপি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছে, যাদেরকে করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ৬ ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশ যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বিমানবন্দরে যদি পিসিআর ল্যাব স্থাপন করা হয় তাহলে রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। সেটি নিয়ে বিদেশ যেতে কাউকে অসুবিধা ভোগ করতে হবে না বলে উল্লেখ করেন তিনি।