Wednesday, 2 February 2022

ভাঙ্গুড়ায় বস্তায় বন্দি মানুষের খুলি, হাড়গোড়

 পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদী থেকে বস্তায় ভরা মানুষের মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেছে। এগুলো একজন মানুষের হাড়গোড় বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের রেল ব্রিজের নিচ থেকে এই খুলি ও কঙ্কাল উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার দুপুরে গ্রামের কয়েকজন কিশোর কৈডাঙ্গা রেল ব্রিজের নিচে নদীতে নেমে মাছ ধরছিল। এ সময় এক কিশোরের হাত জালে একটি বস্তা বেঁধে যায়। পরে কিশোররা সেই বস্তা তুলে নদীর পাড়ে নিয়ে খুললে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় বের হয়। তখন গ্রামের প্রধানরা বিষয়টি দেখে থানা পুলিশকে জানায়। থানা পুলিশ গিয়ে খুলি ও কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে মেডিক্যালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যাবে এটা পুরুষ নাকি নারীর মরদেহ ছিল। এরপর অনুসন্ধান করে আরো তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।