Wednesday, 26 January 2022

প্লাস্টিকের বস্তায় চাল মজুদ রাখায় জরিমানা


ভাঙ্গুড়া (পাবনা) পাবনার ভাঙ্গুড়ায় অটো রাইস মিলে সরকারি বিধি নিষেধ অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ করায় ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে রহিম অটো রাইস মিলে এই জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। 


জানা যায়, ভাঙ্গুড়া উপজেলায় প্রায় ৩২ টি নিবন্ধিত অটো রাইস মিল রয়েছে। এসব মিলে উৎপাদিত চাল দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। চাল মোড়কজাত করতে পাটের বস্তা ব্যবহার করা হয়। কিন্তু কিছু মালিক মিলে চাল গুদামজাত করতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০১০ এর ১৪ ধারায় এই জরিমানা আদায় করে। 


অভিযান পরিচালনা করার আগ মুহুর্তে সহকারী কমিশনার বিপাশা হোসাইন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় মাস্ক না ব্যবহার করার মামলায় এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়ন করতে এই অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণকে সচেতন করার প্রচারণা চালিয়ে মাস্ক বিতরণ করা হয়।